Rabindra Sangeet Albums. Sung by the verified singers of this website. 160 talented singers & over 850 songs.
Rabindra Sangeet Collections. Sung by the verified singers of this website. Nearly 500 unique Tagore songs.
Detail information about Rabindra Sangeet. All the lyrics, notations, background history with detail musical compositions, English translation and many more.
শিকারীগণের প্রবেশ
বনে বনে সবে মিলে চল হো ! চল হো !
ছুটে আয়, শিকারে কে রে যাবি আয় !
এমন রজনী বহে যায় রে !
ধনু বাণ বল্লম লয়ে হাতে
আয়, আয়, আয়, আয় রে !
বাজা শিঙ্গা ঘন ঘন—
শব্দে কাঁপিবে বন,
আকাশ ফেটে যাবে,
চমকিবে পশু পাখী সবে,
ছুটে যাবে কাননে কাননে—
চারি দিক ঘিরে যাব পিছে পিছে
হোঃ হোঃ হোঃ হোঃ !
দশরথের প্রবেশ
শিকারীগণ । জয়তি জয় জয় রাজন্ বন্দি তোমারে,
কে আছে তোমা সমান ।
ত্রিভুবন কাঁপে তোমার প্রতাপে,
তোমারে করি প্রণাম !
শিকারীদের প্রতি
দশরথ । গহনে গহনে যা রে তোরা,
নিশি ব'হে যায় যে !
তন্ন তন্ন করি অরণ্য
করী বরাহ খোঁজ্ গে !
এই বেলা যা রে !
নিশাচর পশু সবে
এখনি বাহির হবে—
ধনুর্ব্বাণ নে রে হাতে, চল্ ত্বরা চল্ ।
জ্বালায়ে মশাল আলো এই বেলা আয় রে !
প্রস্থান
প্রথম শিকারী । চল চল, ভাই,
ত্বরা ক'রে মোরা আগে যাই ।
দ্বিতীয় । প্রাণপণ খোঁজ্ এ বন, সে বন ।
তৃতীয় । চল্ মোরা ক'জন ও দিকে যাই ।
প্রথম । না না ভাই, কাজ নাই,
হোথা কিছু নাই— কিছু নাই—
ওই ঝোপে যদি কিছু পাই ।
তৃতীয় । বরা' ! বরা' !
প্রথম । আরে দাঁড়া দাঁড়া,
অত ব্যস্ত হ'লে ফস্কাবে শিকার ।
চুপিচুপি আয়, চুপিচুপি আয়
অশথতলায়—
এবার ঠিক্ঠাক্ হয়ে সবে থাক্—
সাবধান, ধর বাণ, সাবধান, ছাড় বাণ ।
২ । ৩ জন । গেল গেল ওই ওই পালায় পালায়—
চল্ চল্
ছোট্ রে পিছে, আয় রে ত্বরা যাই ।
প্রস্থান
বিদূষকের সভয়ে প্রবেশ
বিদূষক । প্রাণ নিয়ে ত সট্কেছি রে,
ওরে বরা, করবি এখন কি !
বাবা রে !
আমি চুপ ক'রে এই
আমড়াতলায় লুকিয়ে থাকি ।
এই মরদের মুরদখানা,
দেখেও কি রে ভড়্কালি না—
বাহাবা, সাবাস তোরে,
সাবাস্ রে তোর ভরসা দেখি ।
গরীব ব্রাহ্মণের ছেলে
ব্রাহ্মণীরে ঘরে ফেলে
কোথা এলেম এ ঘোর বনে !
মনে আশা ছিল মস্ত
চলবে ভাল দক্ষিণ হস্ত—
হা রে রে পোড়া কপাল,
তাও যে দেখি কেবল ফাঁকি !
শিকারীগণের প্রবেশ
শিকারীগণ । ঠাকুরমশয়, দেরি না সয়—
তোমার আশায় সবাই ব'সে ।
শিকারেতে হবে যেতে,
মিহি কোমর বাঁধ ক'ষে !
বন বাদাড় সব ঘেঁটেঘুঁটে,
আমরা মরি খেটেখুটে,
তুমি কেবল লুটেপুটে
পেট পোরাবে ঠেসেঠুসে !
বিদূষক । কাজ কি খেয়ে, তোফা আছি—
আমায় কেউ না খেলেই বাঁচি !
শিকার করতে যায় কে মরতে—
ঢুঁসিয়ে দেবে বরা' মোষে !
ঢুঁ খেয়ে ত পেট ভরে না,
সাধের পেটটি যাবে ফেঁসে ।
হাসিতে হাসিতে শিকারীগণের প্রস্থান
বিদূষক । আঃ, বেঁচেছি এখন !
শর্ম্মা ও দিকে আর নন ।
গোলেমালে ফাঁকতালে সটকেছি কেমন ।
বাবা ! দেখে বরা'র দাঁতের পাটি
লেগেছিল দাঁত-কপাটি,
পড়ল খ'সে হাতের লাঠি
কে জানে কখন ।
চুলগুলা সব ঘাড়ে খাড়া,
চক্ষুদুটো মশাল-পারা,
গোঁ ভরে হেঁট-মুখে তাড়া
কল্লে সে যখন—
রাস্তা দেখতে পাই নে চোখে,
পেটের মধ্যে হাত পা ঢোকে,
চুপসে গেল ফাঁপা ভুঁড়ি
শঙ্কাতে তখন ।
প্রস্থান
শিকার স্কন্ধে শিকারীগণের প্রবেশ
এনেছি মোরা এনেছি মোরা রাশি রাশি শিকার ! করেছি ছারখার, সব করেছি ছারখার ! বনবাদাড় তোলপাড়, করেছি রে উজাড় !
গাইতে গাইতে প্রস্থান
বনদেবীদের প্রবেশ
কে এল আজি এ ঘোর নিশীথে সাধের কাননে শান্তি নাশিতে । মত্ত করী যত পদ্মবন দলে বিমল সরোবর মন্থিয়া, ঘুমন্ত বিহগে কেন বধে রে সঘনে খর শর সন্ধিয়া ! তরাসে চমকিয়ে হরিণ হরিণী স্খলিত চরণে ছুটিছে ! স্খলিত চরণে ছুটিছে কাননে, করুণনয়নে চাহিছে । আকুল সরসী, সারস সারসী শরবনে পশি কাঁদিছে । তিমির দিগভরি ঘোর যামিনী, বিপদ ঘনছায়া ছাইয়া । কি জানি কি হবে, আজি এ নিশীথে, তরাসে প্রাণ ওঠে কাঁপিয়া !
প্রস্থান
দশরথের প্রবেশ
দশরথ । না জানি কোথা এলুম, এ যে ঘোর বন ।
কোথা গেল সে করিশিশু, কোথা লুকাল !
একে ত জটিল বন, তাহে আঁধার ঘন !
যাক্-না যাবে সে কত দূর, কত দূর—
যাব পিছে পিছে—
না না না না, ও কি শুনি !
ওই সে সরযূতীরে করিছে সলিল পান
শবদ শুনি যে ওই, এই তবে ছাড়ি বাণ !
নেপথ্যে বনদেবীগণ
হায় কি হ'ল ! হায় কি হ'ল !
বাণাহত ঋষিকুমারের নিকট দশরথের গমন
দশরথ । কি করিনু হায় !
এ ত নয় রে করিশিশু, ঋষির তনয় !
নিঠুর প্রখর বাণে রুধিরে আপ্লুতকায়
কার রে প্রাণের বাছা ধুলাতে লুটায় !
কি কুলগ্নে না জানি রে ধরিলাম বাণ,
কি মহাপাতকে কার বধিলাম প্রাণ !
দেবতা, অমৃতনীরে হারা-প্রাণ দাও ফিরে,
নিয়ে যাও মায়ের কোলে মায়ের বাছায় !
মুখে জলসিঞ্চন
ঋষিকুমার । কি দোষ করেছি তোমার,
কেন গো হানিলে বাণ !
একই বাণে বধিলে যে
দুটি অভাগার প্রাণ !
শিশু বনচারী আমি
কিছুই নাহিক জানি—
ফল মূল তুলে আনি,
করি সামবেদ গান !
জন্মান্ধ জনক মম
তৃষায় কাতর হয়ে
রয়েছেন পথ চেয়ে—
কখন যাব বারি লয়ে ।
মরণান্তে নিয়ে যেও,
এ দেহ তাঁর কোলে দিও—
দেখো, দেখো ভুলোনাকো,
কোরো তাঁরে বারিদান !
মার্জ্জনা করিবেন পিতা,
তাঁর যে দয়ার প্রাণ !
মৃত্যু
Visit the following links for detail information. More will come soon.