Rabindra Sangeet Albums. Sung by the verified singers of this website. 160 talented singers & over 850 songs.
Rabindra Sangeet Collections. Sung by the verified singers of this website. Nearly 500 unique Tagore songs.
Detail information about Rabindra Sangeet. All the lyrics, notations, background history with detail musical compositions, English translation and many more.
শ্যামা । বাজে গুরু গুরু শঙ্কার ডঙ্কা,
ঝঞ্ঝা ঘনায় দূরে
ভীষণ নীরবে ।
কত রব সুখস্বপ্নের ঘোরে আপনা ভুলে,
সহসা জাগিতে হবে রে ।
বজ্রসেনের প্রবেশ
শ্যামা । হে বিদেশী এসো এসো । হে আমার প্রিয়,
অভাগীর করুণা করিয়ো,এসো এসো ।
তোমা-সাথে এক স্রোতে ভাসিলাম আমি
হে হৃদয়স্বামী
জীবনে মরণে প্রভু ।
বজ্রসেন । আহা এ কী আনন্দ,
হৃদয়ে দেহে ঘুচালে মম সকল বন্ধ ।
দুঃখ আমার আজি হল যে ধন্য,
মৃত্যুগহনে লাগে অমৃতসুগন্ধ ।
এলে কারাগারে
রজনীর পারে উষাসম
মুক্তিরূপা অয়ি লক্ষ্মী দয়াময়ী ॥
শ্যামা । বোলো না, বোলো না, বোলো না,
আমি দয়াময়ী ।
মিথ্যা, মিথ্যা, মিথ্যা । বোলো না ।
এ কারাপ্রাচীরে শিলা আছে যত
নহে তা কঠিন আমার মতো ।
আমি দয়াময়ী !
মিথ্যা, মিথ্যা, মিথ্যা । বোলো না ॥
বজ্রসেন । জেনো প্রেম চিরঋণী আপনারি হরষে,
জেনো, প্রিয়ে ।
সব পাপ ক্ষমা করি ঋণশোধ করে সে জেনো, প্রিয়ে ।
কলঙ্ক যাহা আছে,
দূর হয় তার কাছে,
কালিমার 'পরে তার অমৃত সে বরষে জেনো, প্রিয়ে ॥
প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে
বাঁধন খুলে দাও, দাও দাও ।
ভুলিব ভাবনা পিছনে চাব না,
পাল তুলে দাও, দাও দাও ।
প্রবল পবনে তরঙ্গ তুলিল—
হৃদয় দুলিল, দুলিল দুলিল,
পাগল হে নাবিক,
ভুলাও দিগ্বিদিক,
পাল তুলে দাও, দাও দাও ॥
সখী । হায় হায় রে হায় পরবাসী,
হায় গৃহছাড়া উদাসী ।
অন্ধ অদৃষ্টের আহ্বানে
কোথা অজানা অকূলে চলেছিস ভাসি ।
শুনিতে কি পাস দূর আকাশে
কোন্ বাতাসে সর্বনাশার বাঁশি ॥
ওরে, নির্মম ব্যাধ যে গাঁথে
মরণের ফাঁসি ।
রঙিন মেঘের তলে
গোপন অশ্রুজলে
বিধাতার দারুণ বিদ্রূপবজ্রে
সঞ্চিত নীরব অট্টহাসি ॥
Visit the following links for detail information. More will come soon.